পুলিশের কাজে বাধা: জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু
আসামিদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর রামপুরা থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিচার শুরুর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
রোববার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসিবুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
এ আদালতের পেশকার শিশির হালদার বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ।
অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় ৪৫ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী এসএম কামাল উদ্দিন।
২০১২ সালের নভেম্বর মাসে জামায়াতের ডাকা হরতালে ঢাকার রামপুরা এলাকায় গাড়ি ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
রামপুরা থানার এসআই আবদুল হক ২০১২ সালের ৬ নভেম্বর এ মামলা করেন। এরপর মামলাটি তদন্ত করে ১২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার প্রথম অভিযোগপত্রে মিয়া গোলাম পরওয়ারের নাম ছিল না। পরবর্তীতে তাকে আসামির তালিকায় যুক্ত করা হয়।
একই বিচারক গত ২১ নভেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় জামায়াত আমির মোহাম্মাদ শফিকুর রহমানসহ ১৪৯ জনের বিচার শুরুর নির্দেশ দেন।
