২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী উকিল উদ্দিনের মৃত্যু

অসুস্থতার কারণে গত ২১ ডিসেম্বর উকিল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 02:20 PM

Updated : 27 Dec 2023, 02:20 PM

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি শেখ মোহাম্মদ উকিল উদ্দিন মারা গেছেন।  

৭৭ বছর বয়সী উকিল উদ্দিন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছিলেন। অসুস্থতার কারণে সাত দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান বলে জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উকিল উদ্দিনের মৃত্যু হয়েছে।

কেরানীগঞ্জের কারাগারে উকিল উদ্দিনের কয়েদি নম্বর ছিল ৮১৯/এ । তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার হামচাপুরে, বাবার নাম মোসলিম উদ্দিন।

গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের দায়ে উকিল উদ্দিনসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার দিন আরও দুই আসামির সঙ্গে উকিল উদ্দিনকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছিল।

দণ্ডিতদের বিরুদ্ধে আনা, হত্যা, ধর্ষণের মত সাতটি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

পুরনো খবর:

বাগেরহাটের ৭ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড
যুদ্ধাপরাধে বাগেরহাটের ৯ জনের রায় পেছাল