২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের দুই ভাই-বোনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

একটি জাতীয় দৈনিকের মাধ্যমে সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাদের চিকিৎসার দায়িত্ব নেন।

টাঙ্গাইলের দুই ভাই-বোনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ভবন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 09:37 PM

Updated : 25 Aug 2022, 09:37 PM

গলায় জটিল রোগে আক্রান্ত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মাঝবয়সী ভাই ও বোনের চিকিৎসা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভাই পিন্টু ও বোন নাসরিনকে পৃথক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তারা বর্তমানে প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তানভীর আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি জানান, একটি জাতীয় দৈনিকের মাধ্যমে সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে এই দুই ভাই-বোনের চিকিৎসা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। তাদের পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।

ইমরুল কায়েস জানান, বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।

টাঙ্গাইলের চল্লিশোর্ধ এই দুই ভাই বোন দীর্ঘদিন থেকে গলায় বড় আকারের টিউমারের মত একটি রোগে ভুগছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, ভর্তির পরই তাদের বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। সেগুলোর প্রতিবেদন পাওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যে মেডিকেল বোর্ড গঠন করে তাদের চিকিৎসা শুরু করা হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলেও জানান তিনি।