২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া এবং মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা।

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 06:48 PM

Updated : 13 Aug 2022, 04:20 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রীসহ বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ পরিবারের সদস্যরা।

পারিবারিক এই সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দোয়া এবং মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। সমাধি বেদীর পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও শেখ হাসিনার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনার পাশাপাশি দেশের সমৃদ্ধি কামনা করেও মোনাজাত হয়।

এর আগে সড়কপথে পদ্মাসেতু পার হয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লক্সে পৌঁছান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠার আগে টোল প্লাজায় ২৫ হাজার ৭৫০ টাকা টোল পরিশোধ করা হয়।

সেতু অতিক্রমের সময় প্রধানমন্ত্রী সেতুর মাঝামাঝি গাড়ি থেকে নামেন। ছোট বোন শেখ রেহানাসহ ৫ মিনিট সেতুতে অবস্থান করে আবার গাড়িতে উঠে যান।

সড়ক পথে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে দেখার জন্য মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো মানুষ। তবে নিরাপত্তার কারণে পুলিশ তাদের সরিয়ে দেয়।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ৪ জুলাই সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া সফরে গিয়েছিলেন শেখ হাসিনা।

এক মাসের কিছু সময় পরেই শুক্রবার সকাল ১০টার দিকে আবারও পৈত্রিক বাড়িতে যান সরকার প্রধান। বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।