ঢাকায় বাসচাপায় প্রাণ গেল হেল্পারের
সায়েদাবাদ বাস টার্মিনালে কাজ করার সময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়।
ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে বাসচাপায় অন্য এক বাসের হেল্পারের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুমনের (৩৬) বাড়ি নোয়াখালী সদরে। 'লাল সবুজ' পরিবহনের হেল্পার ছিলেন তিনি।
লাল-সবুজ বাসের চালক শামসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাতে টার্মিনালে গাড়ির কাজ করছিলেন তারা। সেসময় পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস সুমনকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় সুমনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয় বলে পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
