২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদকের কারবার’: এক পরিবারের ৩ জন গ্রেপ্তার

এদের একজন ইয়াবাসহ এর আগে চারবার গ্রেপ্তার হয়েছিল বলে জানায় পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2023, 09:56 PM

Updated : 18 Feb 2023, 09:56 PM

মাদকের কারবারে জড়িত থাকার অভিযোগে ঢাকার শেওড়াপাড়ার একটি বাসা থেকে  এক পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে গ্রেপ্তার এই তিনজন হচ্ছেন- মাহমুদুল হাসান (৪১) ও তার স্ত্রী  মীম আক্তার (২২) এবং মাহমুদুলের বড় ভাইয়ের ছেলে মোঃ সোহাগ মিয়া (৩৭)।

তাদের বাসা থেকে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছেন মিরপুর থানার ওসি মো. মহসীন। এদের মধ্যে মাহমুদুল ইয়াবাসহ এর আগে চারবার গ্রেপ্তার হয়েছিল বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মাহমুদুল মূলত ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থেকে ইয়াবার চালান বিভিন্ন পন্থায় ঢাকায় নিয়ে আসেন। এসব ইয়াবা তার স্ত্রী মীম বিভিন্নভাবে সংরক্ষণ করেন।

পরে মাহমুদুলের ভাতিজা সোহাগ মিয়া বিভিন্ন জায়গায় চাহিদা অনুযায়ী ইয়াবার চালান পৌঁছে দেয়। তিনি রাইড শেয়ারিংয়ে প্রাইভেট কার চালান বলে জানান ওসি।

শেওয়াপাড়ার আলীভবন নামে একটি বাসায় ভাড়া থাকে মাহমুদুল-মীম দম্পতি। একই এলাকায় অপর একটি বাসায় সোহাগ ভাড়া থাকে।

ওসি জানান, সম্প্রতি একটি বড় চালান মাহমুদুল টেকনাফ থেকে এনে বাসায় রাখে।

“সোহাগ ওই চালানের ইয়াবা আনার জন্য শনিবার সকালে আলীভবনে চাচার বসায় গেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ বাসাটি ঘেরাও করে তাদের গ্রেপ্তার এবং ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।”

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।