২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বনানীতে পুলিশ বক্সে ‘ককটেল হামলা’

মোটরসাইকেল আরোহী কয়েক যুবক ওই হামলা চালায় বলে বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 02:10 PM

Updated : 31 Oct 2023, 02:10 PM

বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিন রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার পুলিশ বক্সে ‘ককটেল হামলায়’ এক কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল আরোহী কয়েক যুবক এই হামলা চালায় বলে বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই যুবকরা ককটেল চার্জ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত কনস্টেবলের আঘাত গুরুতর নয়।“

ওই জায়গার ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম খ. মহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধে যারা নাশকতা চালাতে রাস্তায় নেমেছে, তাদের একটি গ্রুপ এই কাজ করেছে বলে ধারণা করছি।“

মঙ্গলবার সকাল থেকে সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধের এই কর্মসূচি শুরু হয়, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

অবরোধের মধ্যে ঢাকার বিভিন্ন সড়কের মোড়ে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। র‌্যাব জানিয়েছে, সারাদেশে তাদের তিন শতাধিক টহল টিম নিয়োজিত আছে।

এছাড়া নাশকতা ঠেকাতে প্রথমবারের মত বিজিবি'র ‘র‍্যাপিড অ্যাকশন টিম-র‍্যাট’ নেমেছে ঢাকার রাস্তায়।