২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার অভিযোগে এক দিনে র‌্যাবের হাতে ধরা ২৩

সম্প্রতি কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সংস্থাটির ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 12:10 AM

Updated : 05 Nov 2023, 12:10 AM

হরতাল ও অবরোধের মধ্যে নাশকতা ও সহিংসতার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। 

শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের বিশেষ এ ইউনিট। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন- মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল বারেক, মানিকগঞ্জ ছাত্রদলের সাবেক নেতা জুয়েল রানা, কোকো স্মৃতি সংসদের বগুড়ার নেতা আলপনা কবির ওরফে বড় বাবু, ময়মনসিংহের মুক্তাগাছা জামায়াতের সেক্রেটারি কাজী আনিসুর রহমান, খুলনা যুবদলের যুগ্ম সম্পাদক সাগর মোল্লা।

শনিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বলেছে, রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সম্প্রতি কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। 

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কাকরাইলে সংঘর্ষের পর থেকেই ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সমাবেশের পরদিন বিএনপি-জামায়াতের ডাকা হরতালেও এমন সহিংসতা হয়। 

এরপর মঙ্গলবার থেকে বিএনপি-জামায়াতের তিন দিনের যে অবরোধ চলে, সেই সময়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত (মোট ৮২টি আগুনের সংবাদ পেয়েছে সংস্থাটি, যাতে যানবাহন পুড়েছে অন্তত ৬৮টি।