ঢাকায় ১৪ বাড়িতে এইডিসের লার্ভা, ৪ লাখ টাকা জরিমানা
এইডিস মশা নির্মূলে সাত দিনের অভিযান শুরু করেছে ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে ১৪টি বাড়িতে ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসব বাড়ি মালিকদের বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়েছে, জরিমানা আদায় হয়েছে ৪ লাখ ৩৭ টাকা।
এইডিস মশা নির্মূলে রোববার সাত দিনের অভিযান শুরু করেছে ডিএনসিসি। এদিন ডিএনসিসির নয়টি ভ্রাম্যমাণ আদালত ৭ হাজার ৭৩৮ বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে। এ সময় ১৪টি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়ার কথা জানানো হয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, গুলশান-২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন তিনটি ভবনে এইডিসের লার্ভা পাওয়া যায়।
এছাড়া উত্তরা এলাকায় ৬টি ভবনে এবং ৩৯ নম্বর ওয়ার্ডের খিলবাড়িরটেক এলাকায় ৫টি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে।
গত কয়েকদিন ধরে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। রোববার একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬০ জন রোগী। এই সংখ্যা এ বছর একদিনে সর্বোচ্চ।
গত ১০ দিনে সারাদেশে আড়াইহাজারের বেশি রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর সবচেয়ে বেশি ৩ হাজার ৫২১ জন রোগী ভর্তি হয়েছেন অগাস্ট মাসে। এর আগে জুলাই মাসে ১ হাজার ৫৭১ জনই ভর্তি হয়েছিলেন।
এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে গত ১০ দিনে। এছাড়া অগাস্ট মাসে ১১ জন, জুলাই মাসে ৯ জন এবং জুন মাসে একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।
