Published : 11 Oct 2023, 10:55 PM
সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বাস মালিকদের করা আপিলের শুনানি সাত বছর পর শুরু হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারকের বেঞ্চে এ আপিল শুনানি শুরু হয়।
আদালতে বাস মালিকদের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী।
২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসআরোহী তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
আহত হন ওই মাইক্রোবাসে থাকা তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলাম।
ওই ঘটনা পুরো দেশকে নাড়া দিয়ে যায়। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মানিকগঞ্জের আদালত চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের ওই বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও সেখানে ক্ষতিপূরণের বিষয়টি আসেনি।
পুরানো খবর:
মিশুক মুনীর-তারেক মাসুদ দুর্ঘটনায় নিহতদুর্ঘটনার দেড় বছর পর ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি তারেক ও মিশুকের পরিবারের পক্ষ থেকে মোটরযান অর্ডিনেন্সে ১২৮ ধারায় বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের দুটি মামলা করা হয় মানিকগঞ্জে। পরে বাদীপক্ষের আবেদনে মামলা দুটি হাই কোর্টে স্থানান্তর করা হয়।
২০১৭ সালের ৩ ডিসেম্বর তারেক মাসুদের পরিবারকে চার কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দেয় হাই কোর্ট। পরে সেই রায় স্থগিত চেয়ে বাসের মালিকপক্ষ লিভ টু আপিল করলে আপিল করার অনুমতি দেওয়া হয়। এবার সেই শুনানি শুরু হল।