আশুরা ৯ অগাস্ট
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রোববার থেকে মহররম মাস গণনা শুরু হবে।
বাংলাদেশের আকাশে শুক্রবার মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৯ অগাস্ট মঙ্গলবার আশুরা পালিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রোববার থেকে মহররম মাস গণনা শুরু হবে।
চাঁদ দেখা কমিটির সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার বলেন, “শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
“এমতাবস্থায়, ৩০ জুলাই যিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩১ জুলাই থেকে মহররম মাস গণনা শুরু হবে। আর ১০ মহররম ৯ অগাস্ট আশুরা পালিত হবে।”
হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন(রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালারশোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।
