২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখে বাঁধ রুখতে খালেদার নেতৃত্বে আন্দোলন: দেলোয়ার

ভারতের টিপাইমুখে প্রকল্প বাতিলের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখে প্রকল্প বাতিলের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। পার্বত্য চট্টগ্রাম থেকে আংশিক সৈন্য প্রত্যাহারের সমালোচনাও করেছেন তিনি। রোববার জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের এক সভায় খোন্দকার দেলোয়ার বলেন, "বাংলাদেশের মরণফাঁদ টিপাইমুখ বাঁধ যে কোনও মূল্যে রুখতে হবে। এ জন্য সারাদেশে জনমত সৃষ্টির মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে হবে। খালেদা জিয়াই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন।" তিনি বলেন, "ভারতের ওই প্রকল্পের বিষয়ে বিএনপি ক্ষমতায় থাকাকালীন যৌথ নদী কমিশনের সব বৈঠকে আপত্তি জানানো হয়।" পার্বত্য চট্টগ্রাম থেকে সৈন্য প্রত্যাহারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "এক সময়ে শান্তিবাহিনী সেখানে অশান্তি সৃষ্টি করেছিলো বলেই শান্তি রক্ষার স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করা হয়। "আজ সন্তু লারমা বলছেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সম্পূর্ণ সেনা বাহিনী প্রত্যাহার করতে হবে। এখন তার কথামতো সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হলে আবার যদি পার্বত্য অঞ্চলে উৎশৃঙ্খল শান্তিবাহিনীরা অশান্তি সৃষ্টি করে- তা হলে সেখানে বসবাসকারী সাধারণ জনগোষ্ঠিকে রক্ষা করবে কে ?" পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনাক্যাম্পগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। দেলোয়ার ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তিরও সমালোচনা করেন। জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 'টিপাইমুখ বাঁধ : বাংলাদেশের মরণ ফাঁদ' শীর্ষক ওই আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সহসভাপতি ড. এসআই খান। কৃষক দলের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংসদ এম কে আনোয়ার, সাংবাদিক শওকত মাহমুদ, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩০ ঘ.