২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ নিয়ে বিশেষজ্ঞ কমিটি হচ্ছে

বাংলাদেশে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের প্রভাব খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিপাইমুখ পরিদর্শনে যাওয়া সংসদীয় দলের প্রধান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। প্রতিনিধি দলের প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের প্রভাব খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিপাইমুখ পরিদর্শনে যাওয়া সংসদীয় দলের প্রধান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। প্রতিনিধি দলের প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ছয় দিনের সফর শেষে গত মঙ্গলবার দেশে ফেরে সংসদীয় প্রতিনিধি দল। দলটি আশ্বস্ত হয়েছে, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনও প্রকল্প ভারত বাস্তবায়ন করবে না। রাজ্জাক সংসদ ভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের প্রতিবেদন জমা দিয়েছি। তিনি এ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।" টিপাইমুখ প্রকল্প নিয়ে ভারতের কাছে যে সব তথ্য পাওয়া গেছে, এর বাইরে আরও কী কী তথ্য প্রয়োজন তা বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে। টিপাইমুখ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়বে তাও খতিয়ে দেখবে এ কমিটি। কমিটি কবে গঠিত হবে এবং এতে কারা থাকবে জানতে চাওয়া হলে রাজ্জাক বলেন, "এটি পানিসম্পদ মন্ত্রণালয় করবে। অচিরেই তা হতে পারে। আর কারা কারা থাকবে, তা মন্ত্রণালয়ই ঠিক করবে।" গত ২৯ জুলাই টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে সংসদীয় প্রতিনিধি দলটি ভারত রওনা হয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা হেলিকপ্টারে গিয়ে প্রকল্প এলাকায় নামতে পারেননি। সফরকালে ভারতের পররাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রতিনিধি দল। দেশে ফিরে রাজ্জাক বলেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনও প্রকল্প ভারত বাস্তবায়ন করবে না বলে তারা নিশ্চিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৮৪১ ঘ.