২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ প্রকল্পকে বৈধতা দিতেই সংসদীয় দল পাঠানো হয়েছে: মওদুদ

টিপাইমুখ বাঁধ প্রকল্পকে বৈধতা দিতেই সেখানে সংসদীয় দল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। রোববার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ প্রকল্পকে বৈধতা দিতেই সেখানে সংসদীয় দল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। রোববার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। মওদুদ বলেন,'' টিপাইমুখ বাঁধ প্রকল্পকে বৈধতা দিতেই বাংলাদেশের সংসদীয় দলটি পাঠানো হয়েছে। ডিজিটাল যুগে সংসদীয় দলটি দিল্লিতে নামতে পারলেও টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শন করতে নামতে পারেননি। এটা একটি ষড়যন্ত্র।'' ঢাকাস্থ কোম্পানীগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আলোচনা সভা হয়। বাঁধ এলাকা পরিদর্শনে বাংলাদেশের সংসদীয় দল 'সম্পূর্ণ ব্যর্থ হয়েছে' মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন,"তারা একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত গেছেন। আবার ব্যর্থ হয়ে ফিরে আসছেন। এভাবে আওয়ামী লীগ দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে।'' প্রধান বিরোধী দল হিসেবে তার দল বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায় উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী বলেন,'' আমরা সব সময় বলে এসেছি, জাতীয় স্বার্থ সংরক্ষণে সরকার কাজ করলে তাকে বিএনপি সহযোগিতা করবে। কিন্তু আওয়ামী লীগ জনগণের সমস্যা সমাধান করছে না। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।" বিরোধী দলের ওপর সরকারের 'দমন-পীড়নেরও' কঠোর সমালোচনা করেন মওদুদ। সংগঠনের সভাপতি মহিনউদ্দিন বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, ইমদাদুল রাজু, শেখ মহিউদ্দিন, ফখরুল ইসলাম ও এম এ করিম বেলাল বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩৮ঘ.