ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের স্বার্থ রক্ষা করে ও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে টিপাইমুখ বাঁধ নিয়ে উদ্ভুত সমস্যার সমাধান করার ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান।
রোববার মন্ত্রণালয়ে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "টিপাইমুখ এলাকায় বাঁধের ব্যাপারে দেশের স্বার্থবিরোধী কোনও পদক্ষেপ সরকার নেবে না।"
শুক্রবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পটুয়াখালীর সাংসদ মাহবুবুর।
প্রতিমন্ত্রী বলেন, "আমাদের একটি সংসদীয় প্রতিনিধি দল ভারত গেছে। তারা সমস্যা নিয়ে আলোচনা করেছেন। তাদের (ভারত) সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
"প্রধানমন্ত্রীসহ সকলে এ সমস্যার সমাধানে কাজ করছেন। বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষা করেই সব দায়িত্ব পালন করবে।"
সরকার দেশের স্বার্থবিরোধী কোনও কাজ করবে না বলে মাহবুুবুর দাবি করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আগেও ভারতে গ্যাস রপ্তানির চাপ ছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও দেশের স্বার্থ হানিকর কোনও সিদ্ধান্ত নেননি। এমনকি ৫০ বছরের মজুদ না রেখে গ্যাস রপ্তানি করতেও সম্মতি দেননি।"
নতুন প্রতিমন্ত্রী প্রথমে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণে সে দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24