২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ নিয়ে জেআরসি'র বৈঠক ডাকুন: হাফিজ

টিপাইমুখ প্রকল্পের বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক ডাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতার মন্তব্য, টিপাইমুখ পরিদর্শন দল শূন্য হাতেই ফিরে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্পের বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক ডাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতার মন্তব্য, টিপাইমুখ পরিদর্শন দল শূন্য হাতেই ফিরে আসছে। ভারত সফররত সংসদীয় প্রতিনিধি দল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে করে দুই দফা চেষ্টা চালিয়েও টিপাইমুখ প্রকল্প এলাকায় নামতে পারেনি। বিএনপি অবশ্য ১০ সদস্যের ওই দলে নিজেদের অন্তর্ভুক্ত করেনি। বিএনপির সহসভাপতি হাফিজ রোববার বনানীর নিজ বাড়িতে সাংবাদিকদের বলেন, "বিশেষজ্ঞ ছাড়া সংসদীয় দল প্রকল্প এলাকা পরিদর্শন না করে শূন্য হাতে ফিরে আসছেন। তাই অবিলম্বে সরকারের উচিত যৌথ নদী কমিশনের বৈঠক আহবান করা। সেখানেই বাংলাদেশের জনগণের বলিষ্ঠ দাবি তুলে ধরতে হবে।" মনিপুর রাজ্যে বরাক নদীর ওপর টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত আগে ভারতের কাছে চেয়েও পাওয়া যায়নি বলে হাফিজ জানান। তিনি বলেন, "১৯৯২ সালের ১৮ মে তিন পৃষ্ঠার চিঠিতে বাংলাদেশ টিপাইমুখ বাঁধ প্রকল্পের তথ্য উপাত্ত চেয়েছিল। সেখানে টিপাইমুখ বাঁধ প্রকল্পের পরিকল্পনা, হাইড্রলিক সার্ভে, জিও-টেকটনিক ও জিওলজিক্যাল সার্ভে, কৃষি ও সেচ ডাটা, ফুলের তল ব্যারেজ প্রকল্প বিষয়ে উপাত্ত আমরা চেয়েছিলাম। কিন্তু ভারত তা দেয়নি।" তিনি বলেন, "ভারত কখনোই সংসদীয় দলের কাছে তথ্য-উপাত্ত দেবে না। তথ্য-উপাত্ত পেলে পানিসম্পদ মন্ত্রণালয় তা যৌথ নদী কমিশনের বৈঠকে উপস্থাপন করতে পারে। এটি একমাত্র ফোরাম সেখানে দুই দেশের বিশেষজ্ঞরা থাকেন।'' বিএনপি ক্ষমতায় থাকার সময় জেআরসির দুটি বৈঠকে ওই প্রকল্পের বিষয়ে আপত্তি জানানো হয় বলে হাফিজ দাবি করেন। তিনি অভিযোগ করেন, ১৯৭২ সালে জেআরসির বৈঠকে তৎকালীন আওয়ামী লীগ সরকার টিপাইমুখ প্রকল্পে সম্মতি দিয়েছিল। যদিও আওয়ামী লীগ এ জন্য দুষছে বিএনপিকে। সংসদীয় দলের সফরের বিষয়ে হাফিজ বলেন, "তারা সড়ক পথেই প্রকল্প এলাকায় যেতে পারতেন। সম্ভবত মনিপুরবাসীর প্রতিবাদের মুখে পড়ার আশঙ্কা থেকেই তারা হেলিকপ্টারে গেছেন। প্রয়োজনে তারা আরও কয়েকটি দিন অপেক্ষা করে প্রকল্প এলাকা দেখে আসতে পারতেন। তা তারা কেন করেননি, আমার বোধগম্য নয়।" সংসদীয় দলে প্রস্তাবিত পাঁচ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত না করার কারণ দেখিয়ে ওই দলে যুক্ত হয়নি বিএনপি। এর পক্ষে যুক্তি তুলে ধরে হাফিজ বলেন, "এটি কারিগরি বিষয়, তাই বিশেষজ্ঞ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সরকার আমাদের কথা শোনেনি। দেশের মানুষের পুঞ্জিভূত ক্ষোভ ও উৎকণ্ঠা প্রশমন করতে সরকার এই সংসদীয় দলটি পাঠিয়েছিল। যা কার্যত নিষ্ফল।" বিএনপিতে সংস্কারপন্থীদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে বলে সালাহউদ্দিন কাদের চৌধুরী যে হুশিয়ারি দিয়েছেন, সে বিষয়ে হাফিজ বলেন, "এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না। দলের চেয়ারপারসন ও মহাসচিবই এ বিষয়ে বলতে পারেন। সালাহউদ্দিন কাদের চৌধুরী আমার বন্ধু। তার সম্পর্কে কোনও কথা আমি বলতে চাচ্ছি না।" জরুরি অবস্থার সময় এম সাইফুর রহমান ও হাফিজউদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি ধারা সংস্কারপন্থী বলে পরিচিতি পায়। পরে অবশ্য তারা পিছু হটেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৫০ ঘ.