ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বিতীয়বার চেষ্টা করেও ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করতে পারেনি বাংলাদেশের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। ফলে টিপাইমুখ প্রকল্প না দেখেই দেশে ফিরতে হচ্ছে এ প্রতিনিধি দলকে।
শনিবার আসামের রাজধানী গৌহাটি থেকে হেলিকপ্টারে চড়ে দলটি প্রকল্প এলাকার খুব কাছাকাছি গেলেও খারাপ আবহাওয়ার কারণে তারা সেখানে নামতে পারেনি। এর আগে শুক্রবার প্রতিনিধি দলটি প্রবল বৃষ্টির কারণে হেলিকপ্টার নিয়ে টিপাইমুখ বাঁধ এলাকায় নামতে ব্যর্থ হয়।
সন্ধ্যায় বিবিসি বাংলা সার্ভিসের খবরে একথা বলা হয়েছে।
টিপাইমুখে অবতরণের ঠিক আগে বৃষ্টি শুরু হওয়ায় দ্বিতীয় দিনেও প্রস্তাবিত বাঁধের স্থানটি সরেজমিনে খতিয়ে দেখার পরিকল্পনা বাতিল করতে হয় বাংলাদেশের প্রতিনিধি দলটিকে।
গৌহাটি ফিরে আসার পর আব্দুর রাজ্জাক বিবিসিকে বলেন, "আপনি নিজেও দেখেছেন খুবই দুর্গম জায়গা। আমরা হেলিকপ্টারে গিয়েছিলাম। এখন সিজনটা ভালো নয়। প্রতিদিনই বৃষ্টি থাকে। গতকাল আমরা উপর দিয়ে ঘুরে এসেছি তবে নিচে নামতে পারিনি। আজকে পাইলট প্রায় আধাঘণ্টা সেখানে ঘুরেছেন। আমাদের দেখানো হলো। আমরা সেখানে দুই নদীর মোহনায় তেমন কিছুই দেখতে পাইনি। কোনো স্থাপনা সেখানে নেই। কিন্তু আমরা চেয়েছিলাম সেখানে নামতে দেখার জন্য এবং সেখানকার কিছু লোকজনের সঙ্গে আলাপ করতে পারতাম। সেটা আমাদের হলো না।"
মোটের ওপর কী ধারণা নিয়ে ফিরে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে সরকারের মন্ত্রীদের সঙ্গে বিশেষকরে পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি তার বক্তব্যে যে কথাটি বলেছেন তাতে মনে হচ্ছে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এবং তিনি উল্লেখ করেছেন তার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে স্বার্থ বিরোধী কিছু করা হবে না বলে যে আশ্বাস দিয়েছেন তা অটুট থাকবে। বিদ্যুৎমন্ত্রীও একই কথা বলেছেন।"
এই সফর ব্যর্থ না সফল- জানতে চাওয়া হলে তিনি বলেন, "ব্যর্থ হয়েছে তা বলবো না। অনেক প্রশ্নের উত্তর মিলেছে। অনেকটা সফল হয়েছি। আরও জানার আছে।"
সফরের নানা বিষয় তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করা হবে জানিয়ে প্রতিনিধি দলটির প্রধান বলেন, "আমরা যাবতীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন জমা দেব। এরপর বিষয়টি নিয়ে আলোচনা হবে। এই প্রকল্প স্বার্থের বিরোধী হলে অবশ্যই এর বিরোধিতা করা হবে।"
বর্ষা মৌসুম শেষে বাংলাদেশকে আবারো প্রকল্প এলাকা পরিদর্শনে যাওয়ার আমন্ত্রণ জানাতে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
গত বুধবার টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে ভারত রওনা হয় এ সংসদীয় প্রতিনিধি দলটি। এর নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।
প্রতিনিধি দলে সংসদ সদস্যরা হলেন- আওয়ামী লীগের আব্দুর রহমান, এবিএম আনোয়ারুল হক, জহির হোসেন, জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।
দলের অপর সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মনোয়ার হোসেন, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদুজ্জামান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এমরান আহমেদ।
জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আযাদের নাম থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সফরে যাননি।
দেশে ফিরে তারা পানিসম্পদ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২০৩২ ঘ.
bdnews24