ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে বুধবার ভারত রওনা হয়েছে সংসদীয় প্রতিনিধি দল। ১০ সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। এতে বিএনপির কোনও সদস্য নেই। দলে নাম থাকলেও যাননি জামায়াতে ইসলামীর সাংসদও।
সকাল ১০টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়। সেখান থেকে বৃহস্পতিবার তারা আসাম যাবেন। পরে তাদের টিপাইমুখ প্রকল্প এলাকা পরিদর্শনের কথা।
দলের প্রধান সাবেক পানিসম্পদমন্ত্রী রাজ্জাক ঢাকা ছাড়ার আগে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা টিপাইমুখ বাঁধ প্রকল্প পরিদর্শনে যাচ্ছি। জাতীয় সংসদের এ দল সম্পর্কে বিএনপি যে মন্তব্য করেছে তা দুঃখজনক এবং এতে মূলত সংসদকেই খাটো করা হয়েছে।"
প্রতিনিধি দলে সংসদ সদস্যরা হলেন- আওয়ামী লীগের আব্দুর রহমান, এবিএম আনোয়ারুল হক, জহির হোসেন, জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।
দলের অপর সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মনোয়ার হোসেন, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদুজ্জামান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এমরান আহমেদ।
জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আযাদের নাম থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সফরে যাননি।
বিএনপি তাদের দাবি অনুযায়ী বিশেষজ্ঞদের না রাখায় সংসদীয় এ প্রতিনিধি দলে নিজেদের অন্তর্ভুক্ত করেনি। সফররত এ প্রতিনিধি দলকে 'একদলীয়' ও 'পিকনিক পার্টি' বলে আখ্যায়িত করেছে তারা।
যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র সদস্যদের মতো বিএনপিকেও দলীয় দুই জন প্রতিনিধির নাম দেওয়ার আহ্বান জানায়।
আব্দুর রাজ্জাক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সংসদীয় দল পরিদর্শনের পর প্রয়োজনে বিশেষজ্ঞ দলও টিপাইমুখ পরিদর্শনে যাবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সফরে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বরাক নদীতে সেচ প্রকল্পের মাধ্যমে পানি প্রত্যাহারের যে কোনও পরিকল্পনার বিরোধিতা করবেন তারা। এছাড়া টিপাইমুখ প্রকল্প বাস্তবায়নের আগে এ নিয়ে বাংলাদেশ-ভারত একটি যৌথ সমীক্ষা পরিচালনার ওপরও জোর দেবেন তারা।
পাঁচদিনের এ সফরে ভারতের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক করার কথা। এ ছাড়া ভারতের পররাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর সঙ্গেও তারা দেখা করবেন।
দেশে ফিরে তারা পানিসম্পদ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এফএফ/এমআই/১১৩৩ ঘ.
bdnews24