ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে ছাড়া শুধু মহাজোটের সদস্যদের নিয়ে টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনের উদ্যোগ নিয়ে ব্যাপারটির 'দলীয়করণ' হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
এসময় সোমবার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন হওয়া 'জাতির পিতা পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯' - এ বিরোধী দলীয় নেতার নিরাপত্তার বিষয়টি অন্তুর্ভুক্ত করার দাবিও জানান তিনি। (বিস্তারিত)
সাবেক আইনমন্ত্রী মতিঝিলে নিজের চেম্বারে সাংবাদিকদের সঙ্গে টিপাইমুখ ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
প্রতিনিধিদলটিতে জামায়াতে ইসলামীর একজন সদস্য থাকার কথা থাকলেও মওদুদ এ সময় জোর দিয়ে বলেন, মহাজোটের সাংসদরা ছাড়া প্রধান বিরোধী দলসহ অন্য কোনো দলের প্রতিনিধি এতে থাকছেন না।
সংসদীয় দলের টিপাইমুখ বাঁধ প্রকল্প এলাকা পরিদর্শনের প্রতিবাদ জানিয়ে সাংসদ মওদুদ আহমেদ বলেন,'' এটি সর্বদলীয় সংসদীয় দল নয়। মহাজোটের একটি দল এই পরিদর্শনে যাচ্ছে।"
বিশেষজ্ঞসহ প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে তাতে অংশগ্রহণে বিএনপির আগ্রহ পুনর্ব্যক্ত করে মওদুদ বলেন, ".. কিন্তু সরকার তা করেননি। মহাজোটের সরকার টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনসহ পুরো ইস্যুটাকে দলীয়করণ করেছে। ''
আগামী ২৯ জুলাই সাংসদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে ১১ সদস্যের একটি সংসদীয় দল ভারতের টিপাইমুখ বাঁধ এলাকায় যাওয়ার কথা রয়েছে।
এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন,'' জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তার আইনটি আরও গ্রহণযোগ্য হতো তাতে বিরোধী দলীয় নেতার নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করলে। তা হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্যতা পেতো।''
আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে অভিনন্দন জানিয়ে মওদুদ আশাবাদ ব্যক্ত করেন, সরকার-বিরোধী দলের মধ্যে সমঝোতার সংস্কৃতি গড়ে তুলতে তিনি যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়ন করে নতুন সংস্কৃতির সূচনা করবেন।
স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ শুক্রবার আওয়ামী লীগের ২০ তম কাউন্সিলে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মওদুদ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অভিযোগ করেন, সাবেক সেনা প্রধানসহ কিছু সামরিক কর্মকর্তা, সুশীল সমাজের একটি অংশ, কয়েকজন বিদেশি কূটনীতিক ও অগণতান্ত্রিক শক্তি মিলে অসৎ উদ্দেশ্যে ১/১১-র ঘটনা ঘটিয়ে জরুরি অবস্থা জারি করেছিল। তিনি বলেন, "এটি একটি গভীর ষড়যন্ত্র ছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৪৭ঘ.
bdnews24