কুড়িগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিপাইমুখ বাঁধ নির্মাণ দেশের স্বার্থ বিরোধী হলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
তিনি বলেন, "বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না। আমাদের সম্মতি ছাড়া ভারত টিপাইমুখ বাঁধ তৈরি করতে পারবে না।"
কুড়িগ্রামের বিভিন্ন নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে শুক্রবার তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "আমাদের সংসদীয় প্রতিনিধি দল আগামী ১৫ জুলাই ভারত যাচ্ছেন। তারা সরেজমিন পরিদর্শনসহ সকল তথ্য উপাত্ত নিয়ে আসবেন। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
রমেশ চন্দ্র সেন জানান, নদীভাঙন ঠেকাতে বাঁধ তৈরির পাশাপাশি স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা ও বাঁধ নির্মাণ করা হবে। এ ছাড়াও নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে কুড়িগ্রামের চিলমারী থেকে চাঁদপুর পর্যন্ত ২৮০ কিলোমিটার নদী খননের কাজ চলতি অর্থ বছরে শুরু করা হবে।
পানি সম্পদ মন্ত্রী শুক্রবার রাজীবপুর উপজেলার চর নেওয়াজী, চর সাজাই, কর্ত্তিমারী, উলিপুর উপজেলার সাহেবের আলগা, কুড়িগ্রাম সদরের মোগলবাসা, পাঁচগাছি, কদমতলা, চৌধুরী পাড়া, ভোগডাঙ্গা এবং ফুলবাড়ি উপজেলার বড়ভিটা এলাকার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সাংসদ মো. জাফর আলী, মাঈদুল ইসলাম মুকুল, জাকির হোসেন ও আহমেদ নাজমীন সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী আমিনুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান প্রমুখ।
সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একটানা তিনি জেলার বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সমস্যার কথা শোনেন। রাত ৮টায় তিনি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৪০ ঘ.
bdnews24