২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'টিপাইমুখের বিরুদ্ধে দেশে-বিদেশে জনমত গড়ে তুলুন'

ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিরুদ্ধে দেশে-বিদেশে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এজন্য একটি 'বৃহত্তর মঞ্চ' গড়ে তোলারও আহবান জানান তিনি। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ''টিপাইমুখ বাঁধ নির্মাণ কাজ ভারত সরকারকে বন্ধ করতে হবে। এটা কেবল বাংলাদেশের সমস্যা নয়, ভারতের মনিপুর, মিজোরামসহ এ অঞ্চলের লোকজন এতে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিরুদ্ধে দেশে-বিদেশে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। এজন্য একটি 'বৃহত্তর মঞ্চ' গড়ে তোলারও আহবান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ''টিপাইমুখ বাঁধ নির্মাণ কাজ ভারত সরকারকে বন্ধ করতে হবে। এটা কেবল বাংলাদেশের সমস্যা নয়, ভারতের মনিপুর, মিজোরামসহ এ অঞ্চলের লোকজন এতে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে।" এই প্রকল্পের বিরুদ্ধে দেশে-বিদেশে জনমত গড়ে তুলতে হবে বলে তিনি উল্লেখ করেন। এ ক্ষেত্রে তিনি বামপন্থীদের নেতৃত্বে বৃহত্তর একটি মঞ্চ গড়ে তোলারও পরামর্শ দেন। জাতীয় প্রেস ক্লাবে সমাজ রূপান্তর অধ্যায়ন কেন্দ্রের উদ্যোগে 'টিপাইমুখে বাঁধ ও দেশের স্বার্থে করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ বিভিন্ন বাম দলের নেতা ও পানি বিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জোনায়েদ সাকি। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আহমেদ কামাল। সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "সরকার যাতে এ বাঁধ নির্মাণ বন্ধে ভারতের ওপর চাপ সৃষ্টি করে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।" বক্তারা টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞদের সর্ম্পকে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর কটাক্ষমূলক বক্তব্যের সমালোচনা করেন। তারা এ ব্যাপারে সরকারের ভূমিকায়ও ক্ষোভ প্রকাশ করেন। আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভুঁইয়া, টিপু বিশ্বাস, হায়দার আকবর খান রনো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক পিয়াস করিম, ড. পারভীন হাসান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৯০২ ঘ.