ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি টিপাইমুখ বাঁধ ইস্যুকে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। (আরো তথ্যসহ)
তিনি বলেন, "এটি মূলত কোনো ইস্যুই নয়। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষায় এই ইস্যুকে সামনে আনা হয়েছে।"
সোমবার মন্ত্রণালয়ের কার্যালয়ে নেদারল্যান্ডসের সফররত একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নেদারল্যান্ডসের পরিবহন, গণপূর্ত ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী জে সি হুইজিংগা হেরিঙ্গা (টিনেকে)।
রমেশ চন্দ্র সেন বলেন, "টিপাইমুখ বাঁধ সম্পর্কে ভারত এখন পর্যন্তবাংলাদেশকে তেমন কোনো তথ্য দেয়নি। শুধুমাত্র কতটুকু এলাকা নিয়ে প্রকল্প বাস্তবায়ন করবে সে সংক্রান্ত একটি চিত্র পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে।
"পানি সম্পদ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। সংসদীয় কমিটি টিপাইমুখ এলাকা পরিদর্শনের পরই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।"
তিনি বলেন, টিপাইমুখ এলাকা পরিদর্শনকালে সংসদীয় কমিটি সেখানকার বিশেষজ্ঞদের সঙ্গে এ বাঁধ সম্পর্কে বৈঠক ও আলোচনা করবে। এ বাঁধ নির্মিত হলে বাংলাদেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হবে তা প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সংসদীয় কমিটি বলতে পারবে। এর আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবেনা। তবে যেকোনো বাঁধ যে শুধু ক্ষতি করে তা নয়। এ বাঁধ থেকে বাংলাদেশ লাভবানও হতে পারে। তাই শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, বরং বিরোধী দলকে সরকারের গঠনমূলক সমালোচনা করতে হবে।
মন্ত্রী আরও জানান, সংসদীয় কমিটির টিপাইমুখ এলাকা পরির্দশনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সোমবার সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় দিনক্ষণ চূড়ান্ত করবে।
তিনি তার মন্ত্রণালয়ের গত ছয় মাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/১৪১৫
ঘ.
bdnews24