২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার মাধ্যমে টিপাইমুখ সমস্যার সমাধান করা যাবে : প্রধানমন্ত্রী

দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করা যাবে বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদে বাজেট আলোচনার বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। টিপাইমুখ বাঁধ নিয়ে বিএনপি এখন 'ইস্যু তৈরি করছে' বলে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, "আমার বিশ্বাস দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারব।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করা যাবে বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদে বাজেট আলোচনার বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। টিপাইমুখ বাঁধ নিয়ে বিএনপি এখন 'ইস্যু তৈরি করছে' বলে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, "আমার বিশ্বাস দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারব।" তিনি বলেন, "টিপাইমুখ বাঁধ নিয়ে আমাদের বিরোধী দল এখন সোচ্চার। যখন ওই প্রকল্প শুরু হয়েছিল, তখন তারা চুপ ছিলেন।" উত্তর-পূর্ব ভারতের মনিপুরে ওই বাঁধ প্রকল্প পরিদর্শনে সোমবার ৬ সদস্যের প্রস্তাবিত প্রতিনিধি দলের নাম দিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠিয়েছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমি এখানে (সংসদে) আসার আগে শুনলাম একটি বার্তা পাঠানো হয়েছে। কি বার্তা পাঠিয়েছেন এখনো জানি না। তবে সেটা দেখব। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বিএনপি চাইলে নিজস্ব পর্যবেক্ষক পাঠাতে পারে। শেখ হাসিনা বলেন, "টিপাইমুখ বাঁধ প্রকল্প এলাকা পরিদর্শনে যাবে সংসদীয় দল। আমরা চাই এই প্রতিনিধি দলে বিএনপির প্রতিনিধি যাক।'' প্রস্তাবিত বাজেটে আসবাবপত্র শিল্প, প্লাস্টিক সামগ্রী, বিড়ি শিল্প ও জনশক্তি রপ্তানির ওপর আরোপিত মূল্য সংযোজন কর কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি কমদামি মোবাইল ফোন সেট ও নিউজ প্রিন্টের ওপর আরোপিত আমদানি শুল্কও কমানোর অনুরোধ জানান। ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর পাঁচ শতাংশ হারে শুল্ক আরোপ করার কথা উল্লেখ করে হাসিনা বলেন, "সংবাদপত্র পক্ষে লিখুক আর বিপক্ষে লিখুক এটা এখন শিল্প হিসেবে গড়ে উঠেছে। এজন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করব এ হার পুনর্বিবেচনার।" এক হাজার থেকে দেড় হাজার সিসির ছোটো গাড়ি ও মোটর সাইকেলের শুল্ক কমানোর অনুরোধও করেছেন প্রধানমন্ত্রী। তবে অর্থবানরা কেনেন এমন বিলাসবহুল গাড়ির ওপর চড়া শুল্ক রাখার পক্ষে বলেছেন তিনি । হাসিনা বলেন, "গাড়ি বিলাসবহুল কিন্তু যেসব গাড়ি মধ্যবিত্তরা ব্যবহার করেন তাদের দিকে নজর রেখে আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করতে পারেন। তবে দামি গাড়ি নয়। ১৫০০ সিসির নিচে যেসব গাড়ি সেগুলোর শুল্ক কমান।" কালো টাকা সাদা করার প্রস্তাবের বিরোধিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "কালো টাকা সাদা করা নিয়ে অনেকে সমালোচনা করেন। যারা কালো টাকা সাদা করেছেন তারাও এ সমালোচনা করেন। নিজেরটা তো হয়ে গেছে। এটা কেন?" সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে কালো টাকা ও ঋণখেলাপীর সংস্কৃতি শুরু হয়েছে দাবি করে হাসিনা বলেন, "রাতারাতি এটা বন্ধ করা যাবে না। এটা করতে হলে মাছ ধরতে যেমন আধার দিতে হয় তেমনি এখানে সুযোগ দিতে হবে। দুর্নীতি দূর না হলে এটা বন্ধ হবে না।" দেশের যেসব জায়গায় স্কুল নেই সেসব জায়গায় নতুন স্কুল প্রতিষ্ঠা করা হবে জানিয়ে তিনি বলেন, "যথাযথ শিক্ষা হচ্ছে কিনা তা মনিটরিং করা হবে। এজন্য নির্বাচিত প্রতিনিধিদের সরকারের কাছে জবাবদিহি করতে হবে।" বাজেট বাস্তবায়নে সাংসদ এবং সরকারি কর্মকর্তা-কমচারীসহ প্রশাসনের সব স্তরের লোকজনকে একযোগে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন। দেড় ঘণ্টার কিছু বেশি সময় ধরে তিনি বক্তব্য দেন। প্রধান বিরোধী দল বিএনপির সংসদে যোগ না দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে হাসিনা বলেন, তারা যেসব ইসুতে সংসদ বর্জন করছে, তার কোনোটাই জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়। "নিজের বাড়ি, সংসদের প্রথম সারির আসন- এসব ইসুতে বিরোধী দলীয় নেতা সংসদ বর্জন করছেন। এটা আমার কাছে বোধগম্য নয়।" এ সময় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে তার গুলশানের বাসাটি রেখে ঢাকা সেনানিবাসেরটি ছেড়ে দেওয়ার জন্য আবারও আহবান জানান প্রধানমন্ত্রী। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে। সরকার কোনও ধরনের হস্তক্ষেপ করবে না।" শেখ হাসিনা বাজেটকে তার দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রতিফলক হিসেবে অভিহিত করে বলেন, "আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ২০২১ সালের মধ্যে এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই।'' সরকারের কার্যক্রমে এ বছর রপ্তানি ১২ দশমিক ৮ শতাংশ বেড়েছে বলে দাবি করেন হাসিনা। তবে তিনি জানান, চামড়াসহ কয়েকটি পণ্যের রপ্তানি কমেছে । প্রধানমন্ত্রী দেশের শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশন গঠন করার কথা বলেন। হাসিনা বলেন, "এ বাজেট বাস্তবায়ন হলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। গরীব মানুষের উন্নয়ন হবে। ২০১৪ সালের মধ্যে প্রতিটি পরিবার থেকে কর্মক্ষম একজনের চাকুরি ব্যবস্থা করা হবে।" নারী উন্নয়নে সরকারের বিশেষ দৃষ্টির কথা জানিয়ে হাসিনা বলেন, "এখন সংসদ উপনেতাসহ মন্ত্রিসভায় নারীর সংখ্যা পাঁচজন। এ সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে। আগামীতে নির্বাচনে আওয়ামী লীগ নারীদের দলীয় মনোনয়নের সংখ্যা বাড়াবে।'' ভাতা বাড়ানো, প্রবীণতরদের বিনামূল্যে যাতায়াত ও চিকিৎসা সুবিধাসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের গৃহীত ব্যবস্থার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "মুক্তিযোদ্ধাদের জন্য এ দেশ স্বাধীন হয়েছে। তাদের জন্য যা কিছু করা দরকার তা আমরা করব।" যুদ্ধাপরাধীদের বিচার সর্ম্পকে হাসিনা স্পষ্টভাবে বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এ জন্য অর্থও বরাদ্দ করা হয়েছে।" বিগত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ব্যাপক দলীয়করণ, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও অপশাসনের মাধ্যমে দেশকে পঙ্গু করে দেওয়া হয়েছিল বলে আবারও অভিযোগ করেন হাসিনা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আতঙ্ক সৃষ্টি করে প্রশাসনসহ সব স্তরে স্থবিরতা সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তবে ভোটার আইডি কার্ড ও শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে দেশকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য ওই সরকারকে সাধুবাদ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এআরএইচ/এজে/এসকে/২২৩৫ঘ.