ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্প পরিদর্শনে ৬ সদস্যের প্রতিনিধি দলের নামের তালিকা সংবলিত একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠিয়েছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল গিয়ে চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন।
গত ২৪ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ হাসিনা টিপাইমুখ বাঁধ প্রকল্প পরিদর্শনের জন্য বিএনপিকে পৃথক প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেন।
বিএনপির এ প্র্রতিনিধি দলে আছেন দলের সহসভাপতি ও সাংসদ এম কে আনোয়ার, সাবেক পানি সম্পদ মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক পানি সম্পদ সচিব মোহা. আসাফউদ্দৌলা, সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক শরিফ রফিকুল ইসলাম ও পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম. আবদুর রব। তাদের মধ্যে এম কে আনোয়ার ও হাফিজ উদ্দিন আহমেদ হচ্ছেন বিএনপি প্রতিনিধি। আর অন্য ৪ জন হলেন কারিগরি বিশেষজ্ঞ।
বিকাল সাড়ে তিনটায় বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে অ্যাসাইনমেন্ট অফিসার মনোজ কান্তি বড়াল ও প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ারদারের কাছে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিঠিটি হস্তান্তর করেন। ওই সময় নজরুল ইসলাম খানের সঙ্গে বিএনপি সাংসদ বরকত উল্লাহ বুলু ও দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ছিলেন।
খালেদা জিয়ার চিঠিটি হস্তান্তরের পর সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন,''প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুসারে বিরোধী দলীয় নেতা চিঠি দিয়েছেন। বিশেষজ্ঞদের সমন্বয়ে ৬ সদস্যের প্রতিনিধি দলটি বাঁধ এলাকা পরিদর্শন ও প্রকল্পের তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়ে সরকারের সর্বাত্মক সহযোগিতাও চেয়েছেন বিরোধী দলের নেতা।"
তিনি বলেন, টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে বিশেষজ্ঞদের সমন্বয়ে সবাই মিলে একটি প্রতিনিধি দল গেলে জাতীয় ঐকমত্য প্রদর্শিত হতো। বিরোধী দলীয় নেতা এ বিষয়টি তার চিঠিতেও উল্লেখ করেছেন। এতে টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দরকষাকষি
শক্তিশালী হতো।''
গত ২২ জুন খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর কাছে টিপাইমুখ বাঁধ বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা প্রকাশ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
এ মাসের প্রথম সাপ্তাহে ৫ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করার শর্ত দিয়ে সংসদীয় প্রতিনিধি দলে বিএনপি তার সদস্যদের নাম দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু সরকার পক্ষ তাতে কোনো সাড়া দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসএম/এইচএ/১৭৪০ ঘ.
bdnews24