২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার পরামর্শ মরিয়ার্টির

টিপাইমুখ বাঁধ নিয়ে চলমান বিতর্কের অবসানে ভারতের সঙ্গে আলোচনায় বসতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 08:15 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- )- টিপাইমুখ বাঁধ নিয়ে চলমান বিতর্কের অবসানে ভারতের সঙ্গে আলোচনায় বসতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সম্ভাবনা নাকচ করেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দক্ষিণ এশিয়া নীতি সংক্রান্ত এক আলোচনা সভায় মরিয়ার্টি বলেন, "এই (টিপাইমুখ বাঁধ) বিষয়টি নিয়ে বিতর্ক নিরসনে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আমি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।" নিরাপত্তা গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠান 'বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি' ওই সভা আয়োজন করে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান, ভারত থেকে কী পরিমাণ পানি বাংলাদেশে আসে এবং টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব কী হতে পারে, তা নিয়ে তার কাছে কোনও তথ্য নেই। দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিতর্ক নিয়ে মরিয়ার্টি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর নিজেরা আলোচনা করে এর সমাধান করতে হবে। এ বিষয়ে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার পানি বিতর্কে তার দেশের কোনও সংশ্লিষ্টতা নেই। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছে 'সরাসরি' কোনও সাহায্য চায়নি বলে জানান মরিয়ার্টি। তিনি আবারও বলেন, যুদ্ধাপরাধী ইস্যুটির 'রাজনৈতিকীকরণ' যেন না হয় এবং বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও যেন আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এমআই/১৫০০ ঘ.