২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'টিপাইমুখ বাঁধ নিয়ে বিরোধী দল, গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে'

টিপাইমুখ বাঁধ নিয়ে বিরোধী দল এবং কয়েকেটি গণমাধ্যম সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। তিনি বলেন, টিপাইমুখ বাঁধ সম্পর্কে তিনি সংসদকে অবহিত করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 07:23 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিপাইমুখ বাঁধ নিয়ে বিরোধী দল এবং কয়েকেটি গণমাধ্যম সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। তিনি বলেন, টিপাইমুখ বাঁধ সম্পর্কে তিনি সংসদকে অবহিত করবেন। ২০০৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনাকালে বুধবার তিনি সংসদে বলেন, "ভারতের বরাক নদীর ওপর টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে বিরোধী দলগুলো এবং কয়েকটি গণমাধ্যম সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।" রমেশ চন্দ্র সেন বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্বে একটি সংসদীয় দল ভারত যাবে এবং সেদেশের সরকারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবে। এই দলে কয়েকজন বিশেষজ্ঞও থাকবেন। "সংশ্লিষ্ট তথ্য ও তারিখ সম্পর্কে জানার পর আমি এ ব্যাপারে সংসদ ও দেশবাসীকে অবহিত করব," বলেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ১৯ জুন সাংবাদিকদের বলেন, ভারত এরই মধ্যে টিপাইমুখ বাঁধ সম্পর্কে বাংলাদেশকে সংশ্লিষ্ট তথ্য ও উপাত্ত সরবরাহ করেছে। এই তথ্য ও উপাত্তের ভিত্তিতে পরিবেশবিদরা আশঙ্কা করছেন এর ফলে সিলেট অঞ্চলে বিপর্যয় দেখা দেবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় এরই মধ্যে এসব তথ্য খতিয়ে দেখার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং যৌথ নদী কমিশিনে পাঠিয়েছে। টিপাইমুখ বাঁধের বিরোধিতা করছে ভারতীয়রাও। এ বাঁধের ফলে বাংলাদেশের মেঘনা ও সুরমাসহ কয়েক হাজার নদী ও জলাশয় শুকিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/ডিডি/টিআর/০১০৫ ঘ.