ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ পরিদর্শনে বিএনপিকে আলাদা বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অনুরোধ জানান।
শেখ হাসিনা বিএনপির নাম উল্লেখ করে বলেন, "টিপাইমুখ পরিদর্শনের জন্য গঠিত সংসদীয় কমিটিতে উনাদের কাছে এমপিদের নাম চাওয়া হলো। কিন্তু উনারা দিলেন বিশেষজ্ঞদের নাম। তাই উনাদের প্রতি অনুরোধ তারা নিজেরাই যেন বিশেষজ্ঞ টিম পাঠান, রিপোর্ট দেন। আমাদের সংসদীয় কমিটিও যাক, রিপোর্ট দেওয়া হোক। তারপর যেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে সেটাই করবে আওয়ামী লীগ। দেশের স্বার্থ বিক্রি করে কিছু করবে না।"
তিনি বলেন, "বিএনপি ইস্যু জিইয়ে রেখে খেলা খেলতে চায়। সমাধান করতে চায় না। তারাও ক্ষমতায় ছিল, কিন্তু টিমাইমুখের সমস্যা সমাধান করে যায়নি। আওয়ামী লীগ দেশের স্বার্থ রক্ষা করেই কাজ করবে, স্বার্থ বিক্রি করে নয়। গঙ্গার পানি বন্টন সমস্যার সমাধান করতে পারলে টিপাইমুখ সমস্যারও সমাধান করতে পারবে।
"দেশের স্বার্থ বিক্রি করলে ২০০১ সালে আবারও প্রধানমন্ত্রী হতে পারতাম। কিন্তু দেশের স্বার্থ বিক্রি করিনি।"
বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভানেত্রী দাবি করেন, ২০০১ সালে তারা ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল।
এ প্রসঙ্গে তিনি ২০০১ সালে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের সফরের কথা উল্লেখ করে বলেন "জির্মি কার্টার যুমনায় (রাষ্ট্রীয় অতিথি ভবন) দুপুরের খাবারের দাওয়াত দিলেন। আমি আমার সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে নিয়ে সেখানে যাই। খালেদা জিয়া (বিএনপি চেয়ারপার্সন) ও মান্নান ভুঁইয়াসহ আরেকটি প্রতিনিধি দল সেখানে যান। এসময় কথা প্রসঙ্গে চলে আসল গ্যাস বিক্রির বিষয়টি। আমি বলেছি গ্যাসের মালিক দেশের জনগণ। আগে তাদের স্বার্থ দেখতে হবে। তারপর বিক্রির বিষয়। আমি যেখানে গ্যাস বিক্রির বিপক্ষে অবস্থান নিলাম, সেখানে তিনি ( খালেদা জিয়া) বললেন, মাটির নিচে রেখে কী লাভ হবে। বিক্রি করলেই লাভ...। ২০০১ সালে তারা ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। আর আমি বলেছিলাম গ্যাস কিভাবে বিক্রি হয় দেখব।"
কালো টাকা সাদা করার প্রস্তাবের ব্যাপারে বিএনপির সমালোচনার জবাবে হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী ও তার দুই পুত্র, অর্থমন্ত্রী ও তার পুত্র কালো টাকা সাদা করেছিলেন, সেটা যেন ভুলে না যান।
এ প্রসঙ্গে তিনি বলেন, "কালো টাকার সংস্কৃতি এসেছে জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণার সময় থেকেই। এটা একদিনে হঠাৎ করে বন্ধ হবে না। এজন্য আমরা কিছু শর্ত দিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলে, টাকাগুলো যেন মার্কেটে আসে, জনকল্যাণমূলক কাজে আসে সেজন্য এটা (কালো টাকা সাদা করার প্রস্তাব) করা হয়েছে।"
আসন বিন্যাস নিয়ে বিরোধের জের ধরে সংসদে না আসায় বিএনপির সমালোচনা করে হাসিনা বলেন, "এটা যেন পুতুল খেলার মত, খেললে খেললাম না খেললে না ...।"
আওয়ামী লীগ সভানেত্রী তার দীর্ঘ বক্তৃতায় দলের অতীত ইতিহাস তুলে ধরে জনগণের আকাঙ্খা পূরণে দলীয় নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের আহ্বান জানান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24