চলতি সংসদের শেষ অধিবেশন শুরু
আগামী ২ নভেম্বর এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।
একাদশ সংসদের শেষ অধিবেশন শুরু হয়েছে, যা বর্তমান সংসদের শেষ অধিবেশন।
রোববার বিকাল ৪টার পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি সংসদের ২৫তম এই অধিবেশন শুরু হয়।
এটি ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে সংসদ শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হয়।
অধিবেশনের প্রথম দিন লক্ষ্মীপুর ৩ আসনের এ কে এম শাহজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উকিল আব্দুস সাত্তার ও পটুয়াখালী ১আসনের এম শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক জানানো হয়।
স্পিকারের উত্থাপিত এ সংক্রান্ত শোক প্রস্তাব সর্বসন্মতক্রমে গ্রহণ করা হয়। এর আগে শোকপ্রস্তাবের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের সংসদ সস্যরা বক্তব্য রাখেন।
পরে সংসদে এক মিনিট নিরবতা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এটি চলতি সংসদের ২৫তম এবং চলতি বছরের পঞ্চম অধিবেশন। এর আগে সবশেষ গত ২৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়।
একাদশ সংসদ ২০১৯ সালের ২৯ জানুয়ারি শুরু হয়। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক অধিবেশন থেকে পরের অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। এমন বিধান থাকলেও নির্বাচনকালীন ৯০ দিনের মধ্যে সংসদের বৈঠক বসার বাধ্যবাধকতা থাকে না।
চলতি সংসদের মেয়াদ শেষের দিকে চলে আসায় রাজনৈতিক অঙ্গনে মতভেদের মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করে জানুয়ারির শুরুতে ভোট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে কমিশন।
অধিবেশন শুরুর প্রথম দিন রোববার দিনের কার্যসূচির মধ্যে রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর ও ৭১ বিধিতে জরুর জনগুরুত্বপূর্ণ সম্পন্ন মনোযোগ আকর্ষণের নোটিশের নিষ্পত্তি।
শোক প্রস্তাব গ্রহণ
অধিবেশনের শুরুতে তিন সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানায় সংসদ।
শোকপ্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী
দলের সংসদ সস্যরা বক্তব্য রাখেন।
আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, এবারের সংসদের অধিবেশনের প্রথম দিনটা
আমাদের শোক প্রস্তাব নিতে নিতেই সময় গেল। এটা সব থেকে দুঃখজনক।
তিনি বলেন, “একে একে আমরা অনেক সদস্যকে হারিয়েছি। কোভিডকালে তো ছিল আরও বেশি। এবার আমাদের তিনজন সদস্য আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের বয়স হয়েছে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভোট-ভাতের অধিকারসহ গণতান্ত্রিক সংগ্রামে তাদের যথেষ্ট অবদান রয়েছে।”
মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাদের ভূমিকার কথা স্মরণ করে সংসদ নেতা বলেন, “সবাইকে মরতে হবে জানি। তারপরও সংসদের শেষ বেলায় এসে সবাই আমাদের
একে একে হারিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য সত্যি কষ্টকর।“
প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই সংসদের যথেষ্ট অবদান রয়েছে। এটাই বোধহয় এই আমলের আমাদের শেষ অধিবেশন।“
এর আগে সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন।
এবারের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আব্দুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তানভীর শাকিল জয়, কাজী ফিরোজ রশীদ ও নার্গিস রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন।
আগের ২৪ অধিবেশন
সবশেষ গত ২৪ সেপ্টেম্বর চলতি একাদশ সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়।
সংসদের ২৪তম অধিবেশন পর্যন্ত একাদশ সংসদের মোট কার্যদিবস হয়েছে ২৬২দিন। শেষ অধিবেশন ক’দিন চলবে বৃহস্পতিবারের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত হলে তা যুক্ত হবে।
সংসদ সচিবালয় কর্মকর্তারা জানান, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য কয়েকটি বিল অপেক্ষা মান রয়েছে।
চলতি একাদশ সংসদের প্রথম বছর ২০১৯ সালে ৬১ দিন সংসদের বৈঠক হয়। করোনাভাইরাস মহাকারীকালে ২০২০ সালে তা কমে দাঁড়ায় ৫৩ দিনে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে ৪২ দিন ও ২০২২ সালে ৪৪ দিন সংসদের বৈঠক হয়। এ বছর এ পর্যন্ত ৬১ দিন সংসদের বৈঠক হয়েছে।
সর্বশেষ অধিবেশন পর্যন্ত ১৪০টি বিল পাস হয়েছে। সংসদ সচিবালয়ে আরও ২২টি বিল অপেক্ষমান রয়েছে।
অপরদিকে নবম সংসদে রেকর্ড সংখ্যক বিল পাস হয়। ওই সংসদে বিল পাস হয় ২৭১টি। আর দশম সংসদে বিল পাস হয়েছিল ১৯৩টি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন টানা তিনটি সংসদের মধ্যে নবম সংসদের মোট কার্যদিবস ছিল ৪১৮ দিন এবং দশম সংসদ ছিল ৪১০ দিন।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠক
সংসদ শুরুর আগে বিকাল ৩টায় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
এতে কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।
বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক ও আনিসুল ইসলাম মাহমুদ ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২৬টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৭২২টি প্রশ্নসহ মোট ৭৪৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ২০টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিস পাওয়া গেছে ২টি। পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা আটটি। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১২টি, পাসের অপেক্ষায় ৫টি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় ৫টি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
