২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

র‌্যাব বলছে, গত এক বছর ধরে ৭১ বছর বয়সী এই বৃদ্ধ ছদ্মনাম ব্যবহার করে পলাতক জীবন কাটাচ্ছিলেন।

যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুল জলিল গাজী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 11:33 AM

Updated : 23 Jun 2023, 11:33 AM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার শ্যামনগরের পলাতক এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে মো. আব্দুল জলিল গাজী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়; তার বাড়ি শ্যামনগর থানার শ্রীফলকাটিতে।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত এক বছর ধরে ৭১ বছর বয়সী এই বৃদ্ধ ছদ্মনাম ব্যবহার করে পলাতক জীবন কাটাচ্ছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধে ছয়টি অভিযোগ আছে জলিল গাজীর বিরুদ্ধে।

এসব অভিযোগে ২০২২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জলিলের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরোয়ানা জারি হওয়ার পরপরই নিজের এলাকা শ্রীফলকাটি ছেড়ে ঢাকার দক্ষিণখানের আইনুছবাগ এলাকায় এসে আত্মগোপনে ছিলেন জলিল গাজী। গ্রেপ্তার এড়াতে তিনি নিয়মিত স্থান পরিবর্তন করেছেন এবং ছদ্মনামে নিজের পরিচয় দিতেন।পালিয়ে থাকার সময় জলিল গাজী পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য অন্যের মোবাইল ফোন ব্যবহার করতেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরার শ্যামনগর গ্রামে পাকিস্তানি বাহিনী আব্দুল জলিল গাজীসহ অনান্য রাজাকারদের সহায়তায় ক্যাম্প স্থাপন করে।

জলিল গাজীর নেতৃত্বে রাজাকাররা গ্রামের সাধারণ মানুষকে ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের বাংকার, বন্দিশালা, টর্চারশেল তৈরির কাজে বাধ্য করত। এছাড়া জলিল গাজী অন্য রাজাকারদের সঙ্গে যোগসাজশ করে এলাকায় লুটপাট ও বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রমও চালাতেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।