চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্ত এবং অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনে দুই শতাধিক ছাত্রী অংশ নেয়। মানববন্ধনে 'ইভটিজার ও ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণকারী শিক্ষক জহিরুল ইসলামের অতিদ্রুত অপসারণ চাই'- লেখা ব্যানার প্রদর্শন করা হয়।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম জহিরুল ইসলাম। তিনি ইনস্টিটিউটের হোস্টেল সুপার ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রিয়াংকা লিখিত বক্তব্যে জহিরুলের বিরুদ্ধে ছাত্রী হয়রানি এবং আর্থিক দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
জহিরুল ইসলামের অপসারণ এবং নারী হোস্টেল সুপার নিয়োগের দাবি জানিয়ে তিনি বলেন, জহিরুল ইসলাম ছাত্রীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
প্রিয়াংকা জানান, শারীরিক শিক্ষার ব্যবহারিক ক্লাসে ছাত্রীরা ব্যায়াম করার সময় জহিরুল মোবাইলে তাদের ভিডিও চিত্র ধারণ করতেও তাকে দেখা গেছে।
এর বাইরে হোস্টেলে ছাত্রীদের কম্পিউটার ল্যাবরেটরি ব্যবহার করতে না দিয়ে জহিরুল ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বলে সমাবেশে অভিযোগ করা হয়।
মানবন্ধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নারী আসনের কাউন্সিলর রেহানা কবির রানু সংহতি প্রকাশ করেন।
রানু বলেন, ছাত্রীরা যেসব অভিযোগ করছেন তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একজন শিক্ষক হয়ে ওই ব্যক্তি এ ধরনের আচরণ করতে পারেন না।
অভিযুক্ত জহিরুল ইসলামের যথাযথ শাস্তি দাবি করেন তিনি।
সমাবেশ শেষে ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি একটি স্মারকলিপি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/১৭৩২ ঘ.
bdnews24