মৌলভীবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জে যৌন হয়রানির অভিযোগে সোমবার এলাকাবাসী এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বিকালে আদালতে হাজির করলে তাকে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়।
এর আগে দুপুরে এক স্কুল ছাত্রীর বাবা আবু তাহের (২৩) নামের ওই যুবকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আবু তাহেরের বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে।
উপজেলা সদরের ভানুগাছ বাজারে 'নয়ন টেলিকম' নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাহের।
তার মোবাইল ফোন থেকে বহু ছাত্রী ও কিশোরীর আপত্তিকর ছবি উদ্ধার করা হয়। পুলিশ ফোন সেটটি জব্দ করেছে।
পুলিশ জানায়, দোকানে যাতায়াতের সুযোগে তাহের কিশোরীদের সাথে সম্পর্ক গড়ে তুলতো। পরে প্রতারণার ফাঁদে ফেলে ছবি তুলে তাদের চেহারার সঙ্গে আপত্তিকর ছবি সংযোজন করে ব্ল্যাকমেইল করতো।
প্রতারিত এক স্কুল ছাত্রীর বাবা মামলার অভিযোগে জানান, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। গত রোববার মেয়ে স্কুল থেকে ফেরার পথে তার ছবি তোলে তাহের। পরে সেই ছবির সাথে আপত্তিকর ছবি যুক্ত করে সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়।
ওইদিনই মেয়েটি এ ঘটনা তার বাবা-মা ও আত্মীয় স্বজনকে জানায়। তারা বিষয়টি এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। রাতে এলাকাবাসী তাহেরের দোকানে গিয়ে তার টেলিফোন সেট জব্দ করেন।
রাত ১১টার দিকে তাহেরকে আটক করে তারা কমলগঞ্জ থানায় সোপর্দ করেন।
কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দীন, অভিযোগকারী মেয়েটির বাবা ও আত্মীয় স্বজন এবং ব্যবসায়ী নেতা সৈয়দ মখলিছুর রহমানের উপস্থিতিতে পুলিশের কাছে আবু তাহের অভিযোগের সত্যতা স্বীকার করে জানায়, মেয়েরা নানা প্রয়োজনে তার দোকানে আসতো। কৌশলে তাদের ছবি তুলে কম্পিউটারের সাহায্যে তা আপত্তিকর ছবিতে পরিণত করতো।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনাটি গুরুতর ও স্পর্শকাতর। প্রতারক তাহেরের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন সেটে বহু কিশোরীর আপত্তিকর ছবি পাওয়া গেছে। এসব জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৫৪ ঘ.
bdnews24