কুমিল্লা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার দেবীদ্বারে দুই মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন কিশোরকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ভূঞা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- উপজেলার জাফরাবাদ গ্রামের জসিম উদ্দিন (১৫), রবিউল (১৫) ও আবু কাউছার (১৫)।
দোষ স্বীকার করায় তাদের দণ্ডাদেশ দেওয়া হয় জানিয়ে মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, "ছেলেগুলোর বয়স কম। ভবিষ্যতে তারা যাতে এ কাজ থেকে বিরত থাকে এবং অন্যদেরও সাবধান করে, সে জন্য দু'মাস করে সাজা দিয়েছি।"
দেবীদ্বার থানার ওসি স্বপনকুমার নাথ জানান, মঙ্গলবার বিকালে জাফরাবাদ দাখিল মাদ্রাসার দু'ছাত্রীকে কটূক্তি ও আপত্তিকর অঙ্গভঙ্গী করায় স্থানীয়রা তিন জনকে আটক করে পুলিশে দেয়।
গাইবান্ধায় এক যুবকের কারাদণ্ড
গোবিন্দগঞ্জ উপজেলায় বুধবার বিকালে সোহেল রানা (২৫) নামে এক উত্ত্যক্তকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, তালুককানুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো সোহেল। বুধবার বিকালে ওই ছাত্রীর পথ আটকে তাকে ভয়ভীতি দেখায় সোহেল। ওই সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহেলকে সাজা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ আদালতে বিচারক ছিলেন বলে ওসি জানান।
সোহেলের বাড়ি তালুককানুপুর গ্রামের উত্তরপাড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24