রাজবাড়ী, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় দুই উত্ত্যক্তকারীর এক বছর করে কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদলত।
শনিবার বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসনা আফরোজা এ সাজা দেন বলে পুলিশ জানিয়েছে।
দণ্ডিতরা হলেন- উপজেলার রামকান্তপুর আড়বাড়িয়া গ্রামের সাদ্দাম হোসেন ও ইউসুফ হোসেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান সাংবাদিকদের জানান, ওই দুই বখাটে বাড়ি ফেরার পথে দুই কিশোরীকে উত্ত্যক্ত ও হাত ধরে টানাটানি করে। এ সময় মেয়ে দু'টির সঙ্গে থাকা দুই ভাইকে তারা মারধরও করে।
এক পর্যায়ে স্থানীয়রা দুই বখাটেকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০৯ ঘ.
bdnews24