২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ ছাত্রলীগকর্মী বহিষ্কার

উত্ত্যক্ত করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগকর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগকর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন- জাহাঙ্গীর আলম অর্নব (বাংলা বিভাগ), ফেরদৌস আহমেদ (সরকার ও রাজনীতি বিভাগ), মিরাজুল ইসলাম (আন্তজার্তিক সম্পর্ক বিভাগ) এবং নূরনবী নবীন (আন্তজার্তিক সম্পর্ক বিভাগ)। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে ছাত্রীদের উত্ত্যক্ত করার দুটি ঘটনায় জড়িত থাকায় এই চারজনকে অস্থায়ীভাবে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। মাওলানা ভাসানী হলের ছাত্রলীগকর্মী জাহাঙ্গীর আলম অর্নব এবং ফেরদৌস আহমেদকে এক বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে অস্থায়ী বহিষ্কারাদেশ স্থায়ী বহিষ্কার হিসেবে গণ্য হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনে ফুল ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আফম কামালউদ্দিন হলের ছাত্রলীগকর্মী মিরাজুল ইসলাম ও নূরনবী নবীনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, "গত ১৫ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ শাস্তির সিদ্ধান্ত হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৪৩ ঘ.