কুষ্টিয়া, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে উত্ত্যক্ততার দায়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত পলাশ হোসেন (১৮) উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
ইউএনও রাজিবুল ইসলাম জানান, পলাশ একই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পলাশ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে আমার কার্যালয়ে আদালত বসিয়ে তাকে এ সাজা দেওয়া হয়।"
পলাশকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৩১ ঘ.
bdnews24