নরসিংদী, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রীকে লাঞ্ছিত করায় নরসিংদীর মনোহরদী উপজেলায় এক বখাটের তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তপন কুমার বিশ্বাস সোমবার এ সাজা দেন।
দণ্ডিত মো. আলমগীর দোয়াইগাঁও গ্রামের আব্দুল আওয়াল আকন্দের ছেলে।
দোয়াইগাঁও জি কে পি রবিউল উলুম দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করার কারণে তার বাবা থানায় আলমগীরের বিরুদ্ধে অভিযোগ করেন।
লিখিত অভিযোগের বরাত দিয়ে তিনি পুলিশ জানায়, মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায় দুই মাস যাবত বাদীর মেয়েকে আলমগীর উত্ত্যক্ত করছে। বিষয়টি আলমগীরের অভিভাবককে জানালেও কোনো প্রতিকার হয়নি।
রোববার মাদ্রাসায় ক্লাস শুরুর আগে আলমগীর শ্রেণীকক্ষে ঢুকে মেয়েটিকে ফুল দিতে যায়। সে ফুল না নিলে আলমগীর তাকে চড় মারে।
এ সময় মাদ্রাসার শিক্ষকরা ছুটে এলে আলমগীর পালিয়ে যায়।
মনোহরদী থানার ওসি সাঈদুর রহমান বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আলমগীরকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তপন কুমার বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি সাজা দেন।
ছাত্রীটির বাবা বলেন, আলমগীরের উৎপাতে তার মেয়ে প্রায় সময় বাড়িতে এসে কান্নাকাটি করে। মাদ্রাসায় যেতে চায় না।
দোয়াইগাঁও জি কে পি রবিউল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ওবায়দুল্লাহ বলেন, "বখাটে আলমগীর রাস্তাঘাটে এবং মাদ্রাসায় এসে ছাত্রীটিকে উত্ত্যক্ত করতো। আমরা প্রতিবাদ করলেও বন্ধ হয়নি।
"তাই মেয়েটির বাবাকে থানায় অভিযোগের পরামর্শ দিই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.
bdnews24