গাইবান্ধা, মে ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ এ সাজা দেন বলে পুলিশ জানিয়েছে।
দণ্ডিত জাকিরুল ইসলাম (২৬) শিবপুর ইউনিয়নের ভিটা শাখাইল গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. আকতারুজ্জামান সাংবাদিকদের বলেন, সকালে স্কুলে যাবার পথে চালিতাতলা বাজারের কাছে জাকিরুল স্কুল ওই ছাত্রীর (১২) সঙ্গে অশালীন আচরণ করে। মেয়েটি এর প্রতিবাদ করলে তাকে অপহরণ করার হুমকি দেয়।
বিষয়টি সে তার বাবাকে জানালে তিনি ইউএনওকে জানান।
ইউএনও এলাকায় গিয়ে জাকিরুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তার বিচার করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, বিকালে জাকিরুলকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৪ ঘ.
bdnews24