ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে ফতোয়ার পর নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া হেনা আক্তারের লাশের প্রথম দফা ময়না তদন্তে যুক্ত চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ এসেছে।
চার চিকিৎসকের আবেদনে রোববার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া উচ্চ আদালতের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন।
এর ফলে ওই চিকিৎসকদের কাজ চালিয়ে যেতে আর বাধা নেই বলে তাদের আইনজীবী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন।
ওই চার চিকিৎসক হলেন- শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সারোয়ার, ময়না তদন্তকারী তিন চিকিৎসক নির্মল চন্দ্র দাস, হোসনেয়ারা বেগম ও রাজেশ মজুমদার।
হাইকোর্ট গত ২৮ মার্চ ওই ময়না তদন্তে আলামত নষ্ট ও তথ্য গোপনের অভিযোগে ওই চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, শরীয়তপুরের ডিসি, জেলা পুলিশ সুপাকে নির্দেশ দিয়েছিলো।
এছাড়া ওই চার জনের বিরুদ্ধে বিভগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এবং বিধিবদ্ধ ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছিলো।
হাইকোর্ট ২৪ এপ্রিলের মধ্যে এসব নির্দেশনার বিষয়ে অগ্রগতির প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলো।
গত ২৪ জানুয়ারি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে শালিসে দেওয়া ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়।
শরীয়তপুরে প্রথম ময়না তদন্তে নির্যাতনের আলামত পাওয়া না যাওয়ায় পরে হাইকোর্টের নির্দেশে ঢাকায় ময়না তদন্ত হয়।
২৮ মার্চ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন দুই ময়না তদন্তের অমিলের প্রতিবেদন এবং মামলা ও তদন্তে দুই পুলিশ কর্মকর্তার ভূমিকা বিষয়ে দুটি আলাদা প্রতিবেদন হাইকোর্টে দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খন্দকার মো. শেফায়েত উল্লাহের নেতৃত্বে সাত সদস্যের কমিটি দুই ময়না তদন্তের অমিল খুঁজে পায়।
একই ঘটনায় অপর প্রতিবেদনটি দেয় শরীয়তপুর পুলিশ সুপার। এতে দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24