খুলনা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই তরুণকে কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম এ সাজা দেন।
দণ্ডিতদের মধ্যে বুরুজ আলী মুন্সীকে (২০) ছয় মাস এবং মামুন মোল্লাকে (২২) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তারা ওই এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
দিঘলিয়া থানার ওসি মো. নাসিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে ছাত্রীটি বার্মাশীল ঘাট দিয়ে স্কুলে যাওয়ার পথে বুরুজ ও মামুন তাকে উত্ত্যক্ত করে।
ওই সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন বুরুজ ও মামুনকে আটক করে পুলিশে দেয়।
এরপর পুলিশ ইউএনওকে খবর দিলে তিনি ঘটনাস্থল বার্মাশীল গিয়ে আদলত বসান।
সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি নাসিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯০৪ ঘ.
bdnews24