২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের দায়ে চাঁদপুরে একজনের কারাদণ্ড

ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একজনকে এক বছর ছয় মাস সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

চাঁদপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একজনকে এক বছর ছয় মাস সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত মো. রাসেল (২০) উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে। মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার জানান, ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি মহিলা আলিয়া ওয়েছিয়া মাদ্রাসার এক এইচএসসি পরীক্ষার্থীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিলো রাসেল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বাড়ি যাওয়ার পথে ওই ছাত্রীর পথরোধ করে রাসেল। এক পর্যায়ে রাসেল পরীক্ষার প্রবেশপত্র কেড়ে নিতে চাইলে ছাত্রীটি তাতে বাধা দিলে তাকে মারধর করে রাসেল। ওই দিনই ঘটনাটি মাদ্রাসার শিক্ষকদের জানালে শিক্ষকরা থানায় অভিযোগ করেন। সোমবার সন্ধ্যায় ফরাজীকান্দি মহিলা আলিয়া ওয়েছিয়া মাদ্রাসার সামনে থেকে রাসেলকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫০২ ঘ.