মাগুরা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরে স্কুল ছাত্রীর মুখ ব্লেড দিয়ে কেটে মারাত্মক জখম করেছে এক বখাটে।
শুক্রবার রাতে শহরের ভায়না এলাকায় রমজান আলী নামে এক ব্যক্তি এ হামলা চালায় বলে অভিযোগ করেছে ওই ছাত্রী।
রমজান বিবাহিত ও এক সন্তানের জনক।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই মেয়েটির মুখে ৮টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় শনিবার সকালে সদর থানায় অভিযোগ দেওয়া দিয়েছে মেয়েটির পরিবার।
শহরের দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীটি সাংবাদিকদের জানায়, শহরতলীর মীরপাড়া এলাকার রমজান তাকে বেশ কিছুদিন থেকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল।
প্রস্তাব প্রত্যাখ্যান করায় রমজান রাস্তাঘাটে তাকে উত্ত্যক্ত করতো এবং দেখে নেওয়ার হুমকি দিতো।
শুক্রবার মধ্যরাতে ঘরের জানালা দিয়ে রমজান তার মুখ ব্লেড দিয়ে কেটে পালিয়ে যায়।
সদর থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২২ ঘ.
bdnews24