ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীতে এক কলেজ ছাত্রীকে ছুরি মেরে আহত করেছে এক বখাটে।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে পূর্ব জুরাইনে এ ঘটনা ঘটে।
আহত মাহমুদা আক্তার প্রেমাকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি টিকাটুলী সেন্ট্রাল উইম্যান্স কলেজের বাণিজ্য বিভাগের ছাত্রী বলে পুলিশ জানিয়েছে।
প্রেমার বাবা আলী হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে প্রেমা বাসা থেকে বেরিয়ে কাছেই চাচার বাসায় যাচ্ছিলো। রফিক নামের বখাটে রাস্তায় তার গতিরোধ করে এবং আকশ্মিকভাবে মুখমণ্ডলে সাত বার ছুরিকাঘাত করে।
এতে তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যায়। সে রাস্তায় লুটিয়ে পড়ে। লোকজন এগিয়ে এলে রফিক পালিয়ে যায়।
খবর পেয়ে চাচাতো ভাই আনোয়ার প্রেমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।
রফিক গত এক বছর ধরে প্রেমাকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতো বলে জানান প্রেমার বাবা।
এ বিষয়ে কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমরা জেনেছি। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/কেএমএস/১৯২৪ ঘ.
bdnews24