ময়মনসিংহ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার দু'টি ঘটনায় রোববার সন্ধ্যায় ময়মনসিংহে দু'জনের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে।
এর মধ্যে ফুলবাড়ীয়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে ৬ মাস বিনাশ্রম এবং জেলা শহরে এক দম্পতিকে উত্ত্যক্ত করায় আরেক বখাটেকে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কৈয়ারচালা গ্রামের সাইফুল ইসলাম (২০) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ দিলে রোববার পুলিশ কেশরগঞ্জ বাজার থেকে ছেলেটিকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকন উদ্দিনের কাছে নিয়ে যায়।
ইউএনও সন্ধ্যায় তার কার্যালয়ে আদালত বসিয়ে ছেলেটিকে সাজা দেন।
এদিকে সন্ধ্যায় শহরের একটি পার্কে এক দম্পতিকে উত্ত্যক্ত করায় র্যাব আক্তার হোসেন (৩২) নামে গোলাপজান রোডের এক তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান আদালত বসিয়ে তাকে সাজা দেন ।
ময়মনসিংহ শহরের র্যাবের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.
bdnews24