২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চবির দুই শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় তিন যুবকের জরিমানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অপরাধে তিন যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অপরাধে তিন যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে চবি ক্যাম্পাসে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। উত্ত্যক্তকারী তিন যুবক হলেন- মোহাম্মদ নাইম (২৮), মিজানুর রহমান (২৫) ও খোরশেদ আলম (২৬)। তিনজনের বাড়ি চবি ক্যাম্পাস সংলগ্ন হাটহাজারী থানাধীন পূর্ব দেওয়ান পাড়া গ্রামে। পুলিশ ও চবি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শামসুন্নাহার হলের দুইজন আবাসিক শিক্ষিকা প্রীতিলতা হলের সামনে হাঁটার সময় তিন যুবক তাদের উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করে। পরে ওই দুই শিক্ষিকা এ ঘটনা চবি কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে। চবি'র সহকারী প্রক্টর আলী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসে বুধবার দুপুর দেড়টায় হাটহাজারীর ইউএনও পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত তিন যুবকের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করে। তা অনাদায়ে তিনমাসের কারাদণ্ড দেয়। হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জরিমানা দেওয়ার পর তিন যুবককে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/১৯১২ ঘ.