২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের 'পুরুষদের মার্কেটে' না যাওয়ার 'পরামর্শ' !

উত্ত্যক্ততার শিকার এক নারীকে 'পুরুষদের মার্কেটে' না যাওয়ার 'পরামর্শ' দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ততার শিকার এক নারীকে 'পুরুষদের মার্কেটে' না যাওয়ার 'পরামর্শ' দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার দুপুরের পর এক নারী সাংবাদিক ঢাকা কলেজের বিপরীতে অবস্থিত নূর জাহান মার্কেটের (নন্দিতা ফ্যাশন) ৪৫ নম্বর দোকানে কেনাকাটা করতে যান। সেখানে দোকানের মালিক জাহাঙ্গীর তাকে উত্ত্যক্ত করেন। শুক্রবারই রাজধানীর নিউমার্কেট থানায় উত্ত্যক্ততার অভিযোগ করেন ওই সাংবাদিক। থানার কর্তব্যরত উপ-পরিদর্শক অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করেন। ওই সাংবাদিক বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান তাকে 'পুরুষদের মার্কেটে' না যাওয়ার পরামর্শ দেন। "মার্কেটে উত্ত্যক্ততার শিকার হয়ে আমি নিউমার্কেট থানায় অভিযোগ করতে যায়। থানায় কর্তব্যরত কর্মকর্তা আমার অভিযোগ সাধারণ ডায়েরিভুক্ত করেন। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে বলেন, আপনারা ছেলেদের মার্কেটে যান কেন। আপনাদের মেয়েদের মার্কেটে যাওয়া উচিত। ছেলেদের মার্কেটের দোকানিরা তো এমনই করবে।" ওই সাংবাদিক জানান, ওসি তার কাছে জানতে চেয়েছিলেন এ ঘটনার কোনো সাক্ষী আছে কি না। "আমি বলেছি আমি ভিকটিম। এসব ঘটনায় আম সাক্ষী পাব কোথায়। তারপরও তাকে জানিয়েছি আমার ছোট বোন আমার সঙ্গে ছিল।" ওসি মো. মোস্তাফিজুর রহমান এ রকম 'পরামর্শ' দেওয়ার বিষয়টি অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি আমাকে বলেছিলেন ধানমন্ডি হকার্স মার্কেটে গিয়েছিলেন। এ কথা শুনে আমি বলেছিলাম, ধানমন্ডি হকার্স মার্কেট তো শুধু শাড়ির মার্কেট। ওখানে এ ঘটনা কিভাবে ঘটল। পরে আমি জানলাম উনি নূর জাহান মার্কেটে গিয়েছিলেন। "তার অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থাও নেওয়া হবে।" পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) কৃষ্ণ পদ রায়কে বিষয়টি জানানো হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন পুলিশ কর্মকর্তা এ রকম কথা বলতে পারেন না। নিউমার্কেট থানার ওসি যদি এমন কথা বলে থাকেন তাহলে তিনি ঠিক করেননি। "তিনি এ কথা বলে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/১৮১৭ ঘ.