২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী অপহরণের চেষ্টা, 'বখাটে' গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

রাজশাহী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবা উপজেলার নওহাটায় এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় মেয়েটিকে ইঞ্জেকশন দিলে সে অচেতন হয়ে পড়ে। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে স্থানীয় হাসপাতালে পাঠায়। সোমবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যাওয়া হয়। সে এবার নওহাটা বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এ ঘটনায় পুলিশ রাজু আহমেদ (২২) নামের এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে। রাজু উপজেলার টিকটিকিপাড়া এলাকার আফসার আলীর ছেলে। ওই ছাত্রীর মামা রফিউদ্দিন জানান, কিছুদিন আগে রাজু তার ভাগনিকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সে রাজি না হলে স্কুলে যাওয়া-যাওয়ার পথে রাজু তাকে উত্ত্যক্ত করত। এসএসসি পরীক্ষা চলাকালে তিনি তাকে পরীক্ষা কেন্দ্রে আনানেওয়া করেছেন। পুলিশ জানায়, শনিবার নওহাটা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা শেষে তাকে নিতে আসতে মামার দেরি হওয়ায় ফোন করতে মেয়েটি একটি মোবাইল ফোনের দোকানে যায়। ওই সময় রাজু তার সহযোগীদের নিয়ে মেয়েটির বাম হাতে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে কোনো ওষুধ দিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা চালায়। মেয়েটে অসুস্থ হয়ে পড়ে গেলে আশপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে পাঠায়। এ ফাঁকে বখাটেরা পালিয়ে যায়। ওসিসি'র সমন্বয়কারী গোপেন আচার্য বলেন, সোমবার সকালে মেয়েটিকে ওসিসিতে নিয়ে আসা হয়। তার হাতে ইনফেকশন হয়েছে। শরীরে কী পুশ করা হয়েছে সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলছে। পবা থানার ওসি রমজান আলী জানান, এ ঘটনায় রাতেই ওই ছাত্রীর মামা থানায় মামলা করেছেন। এরপর রাজুকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে হাজির করা হলে হাকিম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৭ ঘ.