২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সেই শিক্ষকের স্ত্রীর আত্মাহুতির হুমকি

এ সরকারের আমলে স্বামী হত্যার বিচার না পেলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আত্মাহুতি দেবেন বখাটেদের হামলায় সিলেটে নিহত এক কলেজ শিক্ষকের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ সরকারের আমলে স্বামী হত্যার বিচার না পেলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আত্মাহুতি দেবেন বখাটেদের হামলায় সিলেটে নিহত এক কলেজ শিক্ষকের স্ত্রী। রোববার দুপুরে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে নিহতের পরিবারের আয়োজনে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষকের স্ত্রী আফরোজা হারুন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে মামলাটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্ভুক্তির দাবিও জানান। বখাটেপনায় বাধা দেওয়ায় ২০১০ সালের ২১ মার্চ সিলেট শহরে দিনের বেলায় হত্যা করা হয় সিলেট সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের চেয়ারম্যান হারুনকে। আফরোজা হারুন অভিযোগ করেন, মাসের পর মাস ঘুরেও স্বামীর পেনশনসহ সরকারি পাওনা পাননি। "ইতিমধ্যেই আত্মস্বীকৃত খুনিরা জামিনে মুক্তি পেয়েছে। তাই প্রয়োজনীয় কাজে সিলেটও যেতে পারছি না।" তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করা হলেও মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করা হয়নি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন, নিহত অধ্যাপক হারুনের বোন রেহানা সুলতানা রিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩৫২ ঘ.