চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া চবির অপর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে চট্টগ্রাম চেম্বারের এক করণিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চবি 'কাটা পাহাড়' রাস্তায় দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক প্রক্টরিয়াল বডিকে অবহিত করেন।
পরে পুলিশ চবি আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ সিকদার ও ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলামকে আটক করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আসিফ ও নজরুলকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আখতার হোসেন দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে ওই দুই ছাত্রী কোনো অভিযোগ না করায় মুচলেকা নিয়ে দুই ছাত্রকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে, বুধবার রাতে নগরী থেকে বাসে করে ক্যাম্পাসে যাওয়ার পথে চবি ১ নম্বর গেটে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় চট্টগ্রাম চেম্বারের করণিক আওরঙ্গজেব ওয়াদুদ চৌধুরীকে (৫০) তিন হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে আটটায় নগরী থেকে বাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে আওরঙ্গজেব ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন।
পরে ওই ছাত্রী বাসের অন্য যাত্রীদের সহায়তায় তাকে আটক করে চবি পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে তুলে দেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমেদের উপ্িস্থতিতে ভ্রাম্যমাণ আদালত ওই ছাত্রীকে ইঙ্গিত করে অশালীন অঙ্গভঙ্গি ও কথা বলায় আওরঙ্গজেবকে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় বলে ওসি আজাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২২৫০ ঘ.
bdnews24