২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বখাটের প্রহারে স্কুলছাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী ও তার পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত করেছে বখাটেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী ও তার পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। শাহবাজপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছাত্রীটি রোববার সকালে নিজ বাসা থেকে শিক্ষকের বাসায় যাচ্ছিল। পথিমধ্যে এলাকার বখাটে সাদেক (২৬) মেয়েটির কাছে পঞ্চাশ টাকা চায়। মেয়েটি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাদেক ও তার দুই সঙ্গী হান্নান (২২) এবং ফরিদুল (২৫) তাকে প্রহার করে। মেয়েটির চিৎকার শুনে তার মা নুরজাহান বেগম (৫০), ভাই আলম (২২) এবং ছোট বোন মুক্তা আক্তার (১০) এগিয়ে এলে বখাটেরা তাদের ওপরও হামলা চালায়। এতে ওই তিনজনও আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। সরাইল থানার ওসি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/ ১৭৫৫ ঘ.