২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী অপহরণের চেষ্টা, যুবকের কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম কলাবাগান এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা করায় এক যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

লালমনিরহাট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম কলাবাগান এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা করায় এক যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেএম এরশাদ আহসান হাবিবের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালত বৃহস্পতিবার তাকে এই কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্ত যুবকের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কদমা গ্রামে। তার বাবার নাম মো. কুদ্দুস মিয়া। কালীগঞ্জ থানার ওসি প্রজিৎ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ জাওরানী দাখিল মাদ্রাসার ছাত্রীটি বৃহস্পতিবার দাখিলের ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। দুপুর ২টার দিকে মাদ্রাসার সামনে রাস্তায় তার পথরোধ করে স্থানীয় বখাটে যুবক মো. রুবেল মিয়া। সে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে একজন সহযোগীর সহায়তায় মেয়েটিকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ধাওয়া করে রুবেল মিয়াকে ধারালো অস্ত্রসহ ধরে ফেলে এবং মেয়েটিকে উদ্ধার করে। রুবেলের সহযোগী জাহাঙ্গীর মোটর সাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জনতা রুবেলকে দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম খন্দকার খোকা মিয়ার কাছে সোপর্দ করে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত রুবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫০ ঘ.